গাইবান্ধা সরকারি মহিলা কলেজ হোস্টেলের উত্তর ও দক্ষিণ পাশে ট্রাকস্ট্যান্ডের কারণে ছাত্রীদের নানাভাবে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, হোস্টেলের উত্তর পাশে গাইবান্ধা শহরের ডিবি রোড আর দক্ষিণ পাশে শনি মন্দির রোড। চারতলা হোস্টেল ঘেঁষে ওই সড়ক দুটির ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে ট্রাকস্ট্যান্ড। স্ট্যান্ডে দিনরাত মালামাল ওঠানো-নামানো হয় এবং উচ্চ শব্দে ট্রাকে গান চলে, বিশেষ করে বিভিন্ন পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েন। এ ছাড়া স্ট্যান্ডে আসা লোকজনের অশ্লীল কথাবার্তায় বিব্রতবোধ করেন ছাত্রীরা।কলেজ সূত্রে জানা গেছে, ট্রাক দাঁড় করে রাখার কারণে কলেজের দক্ষিণ গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ যানজট এড়াতে ছাত্রীদের যাতায়াতের জন্য এ গেটটি নিরাপদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, মহিলা হোস্টেল ঘেঁষে ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠায় আমরা নানাভাবে বিড়ম্বনায় পড়েছি। এমনিতেই দুই পাশে সড়ক, মাঝখানে কলেজ। উপরন্তু ট্রাকস্ট্যান্ড হওয়ায় অনেক সময় রাস্তা থেকে ছাত্রীদের উত্ত্যক্ত করা হয়, বিশেষ করে সন্ধ্যায় এ ঘটনা বেশি ঘটে। বিষয়টি অধ্যক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। আরেক ছাত্রী বলেন, সকাল, সন্ধ্যা ও রাতে ট্রাকে উচ্চ শব্দে গান বাজানো হয়। এতে আমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।কলেজের শিক্ষক চঞ্চল বলেন, পার্শ্ববর্তী সরকারি কলেজের মাস্টার্স ও অনার্সের বিভিন্ন বর্ষের পরীক্ষা, ডিগ্রি ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এই কলেজে অনুষ্ঠিত হয়। ফলে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, ডিবি রোডটি শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক। এখানে ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠায় ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি শহরে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। পৌর মেয়র শামছুল আলম বলেন, মহিলা হোস্টেলের দুই পাশে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। এটি রাতারাতি গড়ে উঠেছে। ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।