গাইবান্ধা সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস ঘেঁষে প্রায় ২৭০ ফুট নর্দমার (ড্রেন) ঢাকনা নেই। নেই পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা। নর্দমাটি নিয়মিত পরিষ্কার না করায় পরিবেশ দূষিত হচ্ছে।
গাইবান্ধা পৌরসভা ও ওই কলেজ সূত্রে জানা গেছে, পৌরসভায় ৩৩ কিলোমিটার নর্দমা রয়েছে। এর মধ্যে পাকা ২১ কিলোমিটার ও আধা পাকা ১২ কিলোমিটার। কিন্তু গাইবান্ধা শহরের ব্যস্ততম ডিবি রোডে অবস্থিত ওই কলেজের ছাত্রীনিবাস ও অধ্যক্ষের কক্ষ ঘেঁষে নির্মিত নর্দমার ২৭০ ফুট অংশে ঢাকনা নেই। এতে কলেজের শিক্ষক, ছাত্রীসহ আশপাশের লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রীনিবাসের কয়েকজন আবাসিক ছাত্রী জানান, নর্দমাটি নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে ছাত্রীনিবাসে থাকা দুষ্কর হয়ে পড়েছে। নর্দমার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও সহকারীরা তাঁদের (ছাত্রীদের) উদ্দেশে নানা ধরনের অশালীন মন্তব্য করেন।
কলেজশিক্ষক সারওয়ার হোসেন জানান, ঢাকনা না থাকায় নর্দমাটি কলেজ তথা শহরবাসীর কোনো কাজে লাগছে না। এটি মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষত, কলেজে যাতায়াতের সময় যানবাহনকে সাইড দিতে গিয়ে ছাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
কলেজের উপাধ্যক্ষ শামছুল হক জানান, শহরের বাসস্ট্যান্ড থেকে পুরাতন কারাগার পর্যন্ত ডিবি রোডের উভয় পাশে নর্দমা রয়েছে। কেবল মহিলা কলেজের অংশে ঢাকনা নেই। ফলে নাকে কাপড় দিয়ে কলেজে ঢুকতে হয়। বেরোতেও হয় একইভাবে। নর্দমার দুর্গন্ধে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ ছাড়া, নর্দমার পাশে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক দাঁড়িয়ে থাকে। ফলে একদিকে শহরে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
কলেজের অধ্যক্ষ সুলতানা সেলিনা জানান, নর্দমার ওপর ঢাকনা নির্মাণে পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বারবার তাগাদাও দেওয়া হচ্ছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
জানতে চাইলে গাইবান্ধার পৌর মেয়র শামছুল আলম জানান, এসব নর্দমা আগের মেয়রের আমলে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। তারপরও নর্দমার ঢাকনা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নর্দমাটি নিয়মিত পরিষ্কার করা হয় বলে দাবি করলেন মেয়র।