ছাত্রীনিবাস ঝোপজঙ্গলে ভরা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শেরেবাংলা ছাত্রীনিবাস এখন ঝোপজঙ্গলে ভরা। শিক্ষার্থীর বদলে সেখানে এখন নানা প্রজাতির গাছগাছালি বংশবিস্তার করেছে। দিনেদুপুরে ও রাতে মাদকসেবীরা সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে। অরক্ষিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় পৌনে এক একর সম্পত্তি। এ অবস্থায় কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীরা দ্রুত সেটি সংস্কার করে ছাত্রীদের আবাসনব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠা হয়। ১৯৩০ সালে শহরের দক্ষিণ চর্থা এলাকার ২৪১ নং মনোহরপুর মৌজার অন্তর্গত আরএস ১১৬১ দাগের দশমিক ৭৪ একর জমিতে শেরেবাংলা ছাত্রাবাস নির্মাণ করা হয়। ওই ছাত্রাবাসে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্ররা ছিল। এরপর থেকে ছাত্রাবাসটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। একতলাবিশিষ্ট লম্বাকৃতির ছাত্রাবাসটি বহু প্রাচীন এবং বসবাসের ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ছাত্রদের থাকা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ ২০০৩-০৪ অর্থবছরে পুরোনো ভবনটি ভেঙে নতুন করে সেমিপাকা ভবন পুনর্নির্মাণ করে। ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ভবনে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী ওঠানো হয়নি। ২০০৫ সালে ওই ছাত্রাবাসকে ‘ছাত্রীনিবাস’ করা হয়। তবে এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের ছাত্রী ওঠানো হয়নি। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৭৪ শতক এলাকায় নানা প্রজাতির লতা ও গাছ গজে উঠেছে। ভবনের ভেতরে মলমূত্র দেখা গেছে। স্থানীয় রিকশাচালক ও এলাকার বেশ কয়েকজন তরুণকে তাস খেলতে দেখা গেছে। প্রকাশ্যে ফেনসিডিল খাচ্ছে আর মদ ও জুয়া খেলছে কয়েকজন। এর মধ্যে ছাত্রীনিবাসের মাঠে ক্রিকেট খেলার জন্য সংস্কার করছে স্থানীয় কিছু ছেলে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বখাটেরা স্থানীয় অধিবাসী হওয়ায় তাদের অনুপ্রবেশ ঠেকাতে পারছেন না কলেজের নৈশপ্রহরী। উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থী আমেনা বেগম, ফেরদৌসী আক্তার ও ফারহানা বেগম জানান, ‘আমাদের জন্য ছাত্রীনিবাস থাকলে ভালো হতো। এখন মেসে অনেক টাকা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। কলেজের এত বড় জায়গা থাকা সত্ত্বেও ছাত্রীনিবাস চালু না হওয়া দুঃখজনক। অবিলম্বে সেটি চালু করতে হবে।’কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান ভূঁইয়া জানান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের ছাত্রীনিবাস নেই। প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি ছাত্রী। এর মধ্যে গ্রামাঞ্চল থেকে আসা ছাত্রীদের কোনো ধরনের থাকার জায়গা নেই। ওই দিক বিবেচনা করে এখানে ছাত্রীনিবাস করা হয়েছে। নতুন করে অবকাঠামো তৈরি করে সেখানে ছাত্রীদের থাকার ব্যবস্থা করা হবে। ওই প্রক্রিয়া শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, ‘শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ওই বৈঠকে শেরেবাংলা ছাত্রীনিবাসে নতুন ভবন নির্মাণের দাবি জানানো হয়। ছাত্রীনিবাস রক্ষণাবেক্ষণের জন্য একজন প্রহরী রয়েছে। নতুন উন্নয়ন কাঠামোর কাজ শেষ হলে ছাত্রী ওঠানো হবে। অসামাজিক কাজের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ সোচ্চার রয়েছে। আমরা শিগগিরই সেখানে উচ্চমাধ্যমিক শাখার ছাত্রীদের থাকার ব্যবস্থা করব।’ ১৪৪ ধারা জারি করেছে, জানি না। এ ব্যাপারে একটি চিঠি পেয়েছি।’