ছাত্রীনিবাস না থাকায় ছাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রীনিবাস না থাকায় পীরগঞ্জের বাইরে থেকে আসা দুই হাজার ছাত্রীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁদের ভাড়াবাড়িতে এবং মেসে থেকে পড়াশোনা করতে হচ্ছে।
স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী নুসরাত জাহান বলেন, ‘আমি শান্তিবাগে এক মেসে থাকি। মানুষের বাড়িতে থাকতে সিট ভাড়া ও খাওয়া খরচে অনেক টাকা দরকার হয়। অথচ কলেজে একটা হোস্টেল থাকলে সিট ভাড়া লাগত না। এ ছাড়া চলাফেরায় নিরাপত্তা থাকত এবং কলেজে যাতায়াতেও রিকশাভ্যান ভাড়া বেঁচে যেত।’
বাংলা ভাষা ও সাহিত্যের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসমত আরা বেগম বলেন, ‘আমার বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলায়। বাংলা বিভাগে পড়ার সুযোগ পেয়ে এই কলেজে ভর্তি হয়েছি। ছাত্রীনিবাস না থাকায় রঘুনাথপুরে একটি ভাড়াবাড়িতে মেস করে থাকি। মেসে নানা সমস্যা। নিরাপত্তাহীনতার বোধ সবচেয়ে বেশি পীড়া দেয়।’
খোঁজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জ পৌর শহরের জগথা, শান্তিবাগ, রঘুনাথপুর, মিত্রবাটী, পশ্চিম রঘুনাথপুর, গুয়াগাঁওসহ বিভিন্ন মহল্লায় পীরগঞ্জ ও পীরগঞ্জের বাইরে থেকে আসা ছাত্রীরা মানুষের বাড়ি ভাড়া নিয়ে মেস করে থাকেন। অনেক বাড়ির মালিক তাঁদের বাড়িতে মেস করে ছাত্রীদের থাকার পরিবেশ তৈরি করেছেন। এ ধরনের বাড়ির সংখ্যা পীরগঞ্জে ৯০ থেকে ১০০টি হবে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে ১৫ একর জমির ওপর স্থাপিত পীরগঞ্জ সরকারি কলেজটির জাতীয়করণ হয় ১৯৮৭ সালের ৩ ফেব্রুয়ারি। কলেজের উত্তর প্রান্তে ছাত্রীনিবাস নির্মাণের জন্য পাঁচ একর জায়গা রয়েছে।
দূরত্বের দিক দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী এবং দিনাজপুরের বোঁচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার কাছাকাছি ও কেন্দ্রস্থলে হওয়ায় এই কলেজে ছাত্রছাত্রীর চাপ সব সময়ই বেশি থাকে।
বিশেষ করে ছয়টি বিষয়ে স্নাতক (সম্মান) চালু হওয়ার পর থেকে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলার কয়েক শ ছাত্রছাত্রী পীরগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়েছেন।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. একরামুল হক বলেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে অর্থনীতি এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স খোলা হয়। ব্যবস্থাপনা, অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিভাগে আসনসংখ্যা এ বছর ৫৫ থেকে ৭৫-এ উন্নীত হয়েছে। বাংলা, ইংরেজি ও ইসলামের ইতিহাসে আসনসংখ্যা ৫৫-তেই রয়েছে। উচ্চমাধ্যমিকসহ সব মিলিয়ে কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৪৫৮ জন।
কলেজের অধ্যক্ষ মো. মোসলেম বলেন, ‘কলেজে অধ্যয়নরত পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকই মেয়ে। এদের মধ্যে দুই হাজার ছাত্রী ভাড়াবাড়িতে বা মেসে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ছাত্রীনিবাস নির্মাণ করা হলে ওদের দুর্ভোগ কমবে। কিন্তু এ জন্য অন্তত তিন কোটি টাকার বরাদ্দ দরকার। এ ব্যাপারে ফ্যাসিলিটিজ বিভাগের পঞ্চগড় নির্বাহী প্রকৌশলীর দপ্তরে কয়েক বছর ধরে যোগাযোগ করছি। কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ এবং ৩০১ সংরক্ষিত আসনের সাংসদের কাছে টাকা বরাদ্দের সহযোগিতা দিতে অনুরোধ করেছি।’