ছাত্রীনিবাসসহ অন্য সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি ছাত্রীনিবাসসহ কলেজের বিভিন্ন ভবন ঘুরে দেখেন। তিনি দ্রুত নতুন ছাত্রীনিবাস, শিক্ষকদের আবাসন এবং নতুন একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাহিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, মন্ত্রী মহোদয় কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি শিক্ষকদের সঙ্গে কথা বলেন। ছাত্রীনিবাস পরিদর্শনে গিয়ে তাদের আবাসন সংকটের বিষয়টিও প্রত্যক্ষ করেন এবং ছাত্রীদের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন। মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন পদক্ষেপের ফলে শিক্ষার ক্ষেত্রে মেয়েদের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত নতুন ছাত্রীনিবাস, শিক্ষকদের আবাসন এবং নতুন একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে কলেজের জরাজীর্ণ ভবনের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে বলেছেন।
গতকাল বুধবার প্রথম আলোতে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের আবাসন সংকট নিয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এতে ছাত্রীনিবাসসহ কলেজের বিভিন্ন ভবনের জীর্ণদশা, শিক্ষক আবাসন ও শিক্ষক-সংকটের বিষয়গুলোও তুলে ধরা হয়।