ছাত্রীনিবাসসহ পৃথক স্থানে তিনটি ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারে কালবৈশাখীর পর একটি মেডিকেল কলেজের ছাত্রীনিবাসে ফাটল দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের হাকিম মার্কেটের বিভিন্ন অংশ ও টঙ্গীর বিসিকের জেলা কার্যালয়ের সাতটি কক্ষে ফাটল দেখা দিলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:গাজীপুর: গত শনিবার রাত নয়টার দিকে কালবৈশাখীর পর সদর উপজেলার বোর্ডবাজারের তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের ছাত্রীনিবাসে ফাটল দেখা দিলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে গতকাল রোববার সকালে কলেজ কর্তৃপক্ষ ভবনের ফাটল পরিদর্শন করে ছাত্রীনিবাসে থাকা ২০০ ছাত্রীকে সাত দিনের ছুটি দেয়। স্থানীয় একজন প্রকৌশলীকে দিয়ে ভবনের ফাটলটি পরীক্ষা করানো হয়েছে। ছাত্রীনিবাসের সুপার সাজেদা খাতুন জানান, ভবনটি মেরামতের সময় অব্যবহূত রাখা হবে। ছাত্রীনিবাসের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা রাকিব হোসেন জানান, দেয়ালে দুই ফুট লম্বা ফাটলের সৃষ্টি হয়েছে।নারায়ণগঞ্জ: শহরের দেওভোগ এলাকায় পুরোনো চারতলা হাকিম মার্কেট ভবনে ফাটল দেখা দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে শ্রমিক-কর্মচারীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন। পরে ভয়াবহ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভবনটি খালি করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম জানান, হাকিম মার্কেটে দুই শতাধিক ছোট ছোট পোশাক কারখানা রয়েছে। সেখানে দেড় থেকে দুই হাজার শ্রমিক কাজ করেন। পুরোনো হওয়ায় দীর্ঘদিন ধরে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ভবনের বিভিন্ন অংশের পলেস্তার খসে পড়েছে। যেকোনো মুহূর্তে টানা বৃষ্টি বা ভূমিকম্প হলে ভবনটি ধসে পড়তে পারে।টঙ্গী (গাজীপুর): বিসিকের জেলা কার্যালয়ের ভবনে ফাটল থাকায় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। ভবনের নিচতলার পশ্চিম দিকে একটি কক্ষ এবং পূর্ব দিকে দুটি কক্ষের ভেতরে ও ছাদের নিচে ফাটল ধরেছে। রোববার সরেজমিনে গিয়ে সম্পূর্ণ দ্বিতল ভবনের সাতটি কক্ষের দেয়ালে ও ছাদের বিমে এই ফাটল দেখা যায়। বিসিকের ঢাকা বিভাগীয় অঞ্চলের পরিচালক মো. ওমর ফারুক মুঠোফোনে জানান, ভবনটি অনেক পুরোনো। অতি অল্প সময়ের মধ্যেই ভবনটি সংস্কার বা ভেঙে নতুনভাবে তৈরির ব্যবস্থা করা হবে।