
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক ছাত্রীনিবাসে দুর্বৃত্তদের অনুপ্রবেশ বন্ধ ও নিরাপত্তার দাবিতে আজ শনিবার মানববন্ধন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রীনিবাসের একটি গণরুমে অনুপ্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা ছয়টি মুঠোফোন, একটি ট্যাব ও টাকা নিয়ে পালিয়ে যায়।
মেডিকেল কলেজের আবাসিক শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আবাসিক ছাত্রীনিবাসের মূল ভবনের দোতলার একটি কক্ষে (গণরুম) প্রথম বর্ষের ১৮ থেকে ২০ জন ছাত্রী থাকেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রীরা ঘুমিয়ে পড়লে আনুমানিক সাড়ে তিনটার দিকে ছাদের দরজা বেয়ে দোতলার ওই কক্ষে ঢোকে দুর্বৃত্তরা। তারা চার ছাত্রীর ছয়টি মুঠোফোন, একটি ট্যাব ও ব্যাগ এবং কয়েক হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ছাত্রীহলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে শিক্ষার্থীরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান। এ বিষয়ে সদর থানায় চুরির মামলা করে কলেজ কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রী জানান, রাতের অন্ধকারে ছাত্রী হলে বহিরাগত দুর্বৃত্তদের অনুপ্রবেশের বিষয়টি তাঁরা নিছক চুরি বলে উড়িয়ে দিতে পারছেন না। এ ঘটনার মধ্য দিয়ে আবাসিক ছাত্রীদের নিরাপত্তাহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তাঁরা জানান, দুর্বল নিরাপত্তা-ব্যবস্থার কারণে ছাত্রীহলে মাঝেমধ্যেই অনুপ্রবেশ ও চুরির ঘটনা ঘটছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সকালে ক্লাস বর্জন করে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া ছাত্রী হলের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ তাঁরা। পরে শিক্ষার্থীরা কলেজ-সংলগ্ন মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে তালা ঝুলিয়ে দেন।
হাসপাতালের ফটক বন্ধ করে দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন হাসপাতালের কর্মীরা। এক পর্যায়ে কয়েক শ কর্মচারী তালা ভেঙে ফটক খুলে দেন। উদ্ভূত পরিস্থিতিতে বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান এবং নাজির হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়।
এদিকে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ছাত্রীনিবাসের নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করাসহ কারণ দর্শানোর চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে তাঁদের দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে ছাত্রীনিবাসের সীমানাপ্রাচীর নির্মাণসহ দ্রুততার সঙ্গে কিছু দাবি পূরণের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ।
অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে জানান, ছাত্রীনিবাস থেকে ছয়টি মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া উপাধ্যক্ষ রেজাউল আলমের তত্ত্বাবধানে ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক আবদুল ওয়াকিলকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।