ছাত্রীনিবাসে চুরি, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে পরিচালিত সরকারি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাসে চুরি করতে গিয়ে এক ব্যক্তি শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরীসহ আরও চারজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে চুরির উদ্দেশ্যে ছাত্রীনিবাসে চার চোর ঢোকে। বিষয়টি টের পেয়ে ছাত্রীরা চারদিক ঘেরাও করে সোহেল নামের এক চোরকে আটক করেন। সোহেলের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পিরোজপুর গ্রামে। এ সময় তিন সহযোগী সোহেলকে ছাড়িয়ে নিতে শিক্ষার্থীদের কয়েকজনকে মারধর করে। তবে হই-হুল্লোড়ের শব্দ পেয়ে ছাত্রীনিবাসের অন্য শিক্ষার্থীরা জেগে উঠলে সোহেলের সহযোগীরা পালিয়ে যায়। এ সময় চোরেরা দুই ছাত্রীর মুঠোফোন চুরি করে নিয়ে যায়। গতকাল সকালে নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে আটক সোহেলকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সকালে কোতোয়ালি থানার পুলিশ নার্সিং ইনস্টিটিউটের নৈশপ্রহরী সুমন মিয়াকে আটক করে। সুমনের স্বীকারোক্তি অনুযায়ী চুরির ঘটনায় জড়িত থাকার অপরাধে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কলোনি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো, মৌলভীবাজার জেলার মোবারকপুর গ্রামের গিয়াসউদ্দিন, হবিগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের সেলিম ও চুনারুঘাট উপজেলার হরিপুর গ্রামের সবুজ মিয়া। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খাইরুল ইসলাম পাঁচজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।