ছাত্রীনিবাসে ঢুকে ছাত্রলীগের নেতারা অবরুদ্ধ তিন ঘণ্টা
ছাত্রীদের আন্দোলন দমন করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গত বুধবার রাতে রাজশাহী কলেজ ছাত্রীনিবাসে ঢোকেন। ছাত্রীরা তাঁদের তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ঘটনার মীমাংসা করতে গিয়ে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাত্রদলের নেতাদের হাতে লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হলে রাতেই নগরের বোয়ালিয়া থানার পুলিশ ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করে। ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রীরা মিছিল নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। ছাত্রীরা অভিযোগ করেন, ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক আজাদ শাহ চৌধুরী, আশরাফ আলী ও আবদুর রহিম তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তা ছাড়া ছাত্রীনিবাসের ফি বাড়ানো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তত্ত্বাবধায়কদের ঝামেলা চলছিল। এর জের ধরে গত বুধবার সন্ধ্যায় কয়েকজন ছাত্রীর সঙ্গে তত্ত্বাবধায়কদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁদের দমাতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান, ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহাবুব হাসানসহ ১৫-২০ জন ছাত্রীনিবাসে ঢোকেন। তাঁরা ছাত্রীনিবাসের কার্যালয়ে ঢুকলে ছাত্রীরা বাইরে থেকে তালা লাগিয়ে দেন। ছাত্রীদের চিৎকার-চেঁচামেচি ও মিছিলের শব্দ শুনে বাইরে ছাত্রদলের কর্মীদের সঙ্গে অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরাও এসে জড়ো হন। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে কলেজের অধ্যক্ষ আলী রেজা মো. আবদুল মজিদ ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান ঘটনাস্থলে যান। তাঁরা ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ১০টার দিকে তালা খুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রীনিবাসের ফটকের বাইরে দুটি মোটরসাইকেল এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ছাত্রলীগের নেতা শফিকুজ্জামান একটি মোটরসাইকেলে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ধর ধর’ বলে ধাওয়া করেন। এরপর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বের হয়ে এলে ছাত্রদলের কর্মীরা প্রথমে উপাধ্যক্ষকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন ও কিলঘুষি মারেন। এ সময় অধ্যক্ষও লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে রাতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। অপরদিকে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় রাতেই রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। পুলিশ মহানগর ছাত্রদলের সহসভাপতি রুহুল আমিন ওরফে বাবলু ও আশরাফুল আমিন এবং মহানগরের অপর নেতা আইনাল হককে গ্রেপ্তার করে।ছাত্রদল রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ শিক্ষকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রলীগের নেতার পেছন পেছন বের হওয়ার সময় ধাক্কাধাক্কিতে উপাধ্যক্ষ পড়ে যান। ছাত্রদলের নেতারা তাঁদের নিরাপদে পৌঁছে দিয়ে আসেন।’ এদিকে অবিলম্বে ছাত্রীনিবাসের তিন তত্ত্বাবধায়কের পদত্যাগ, মহিলা তত্ত্বাবধায়ক নিয়োগ, আগের নিয়মে ভর্তি বলবৎ, অতিরিক্ত কর্মচারী ছাঁটাইসহ ১০ দফা দাবিতে গতকাল বেলা ১১টার দিকে কয়েক শ ছাত্রী মিছিল নিয়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। বেলা একটার দিকে কলেজ কর্তৃপক্ষ সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা শনিবার পর্যন্ত তাঁদের আন্দোলন স্থগিত করেন। ছাত্রলীগের মহানগর সভাপতি শফিকুজ্জামান বলেন, ছাত্রীনিবাসের কোনো সমস্যা হলেই তত্ত্বাবধায়ক তাঁদের ডাকেন। কিন্তু বুধবার রাতে তাঁদের শুধু চা খেতে ডেকেছিলেন। কোনো সমস্যার কথা বলেননি। তাঁরা সেখানে গিয়েই হতভম্ব হয়ে যান। কলেজের উপাধ্যক্ষ বলেন, অধ্যক্ষকে না জানিয়ে রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ছাত্রীনিবাসের ভেতরে নিয়ে যাওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমার ওপর যে ছেলেটা হামলা চালিয়েছে তাকে চিনতে পারিনি।’