রংপুরে কারমাইকেল কলেজের তিনটি ছাত্রীনিবাসে মাসিক ভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ওই তিন ছাত্রীনিবাসের কয়েকজন শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কলেজের বেগম রোকেয়া, শহীদজননী জাহানারা ইমাম ও তাপসী রাবেয়া ছাত্রীনিবাসে প্রতি মাসে ভাড়া বাবদ ২৩২ টাকা করে ফি নির্ধারণ ছিল। গত জানুয়ারি মাস থেকে ৮০ টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত এই টাকা বাতিলের দাবিতে গতকাল বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলেজ চত্বরের তিন মাথা মোড়ে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন ওই তিন হলের ছাত্রীরা।
এ ব্যাপারে জানতে চাইলে শহীদজননী জাহানারা ইমাম ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক নূরে আক্তার নার্গিস রেজওয়ানা বেগম গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেক আগে থেকে ২৩২ টাকা নেওয়া হতো। তবে বর্তমানে বিদ্যুৎ বিলসহ অন্যান্য কিছু জিনিসের দাম বেড়ে যাওয়ায় ওই ৮০ টাকা বাড়ানো হয়েছে।