ছাত্রীনিবাসের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ইফতার করছেন কয়েকজন ছাত্রী ষ প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ইফতার করছেন কয়েকজন ছাত্রী ষ প্রথম আলো

ইফতারির সময় প্রায় হয়ে এসেছে। থালা সাজানো হয়েছে খেজুর, কলা, ছোলা, মুড়ি, বেগুনি ও পেঁয়াজু দিয়ে। দৈনিক পত্রিকা মেঝেতে বিছিয়ে আসন পাতা হয়েছে। কয়েকজন এদিক-সেদিক ছুটছেন। তাঁরা ডাইনিং রুম থেকে ইফতারি কিনে আনছেন। অবশ্যই চাঁদা তুলে।
এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের চিত্র। গতকাল বুধবার এভাবেই শিক্ষার্থীদের ইফতারের প্রস্তুতি নিতে দেখা যায় কবি সুফিয়া কামাল হলের প্রত্যয় ভবনের ৩০২ কক্ষে। বাড়ি থেকে অনেক দূরে। তবে স্বজনের অভাব পূরণ করে নিচ্ছেন নিজেরাই পারস্পরিক সহমর্মিতায়, উষ্ণ প্রীতিতে। এক কক্ষেই বসেছেন বন্ধুরা। জায়গা কম তো কী হয়েছে, মনের জায়গা তো অনেক। ঠিকই সবাই এঁটে যান।
ইফতারির বিশেষ আকর্ষণ অর্থাৎ চাঁদার অর্থে ব্যবস্থা করা হয়েছে দই-চিড়া। ভবিষ্যৎ পুষ্টিবিজ্ঞানী শান্তা বড়ুয়া ও দীপা রানী দাস সবচেয়ে বেশি খাটছেন। অন্য ধর্মের হলেও বন্ধুদের সঙ্গে নিয়মিত ইফতার ও সেহির করেন তাঁরা। কক্ষে সব মিলে এক ডজন রোজাদার।
এদিকে পাশের কক্ষের দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে। শর্ত একটাই, নিজ নিজ থালা-গ্লাস নিয়ে আসতে হবে। আর অতিথিরা সঙ্গে করে কোমল পানীয় নিয়ে এলে কেউ কিছুই মনে করবেন না।
প্রাণীবিদ্যা বিভাগের মাসুমা আহমেদ ঘরের এক কোণে বসে ইফতারের জন্য সালাদ কাটছেন, আর হেসে চলেছেন। কারণ জানতে চাইলে বলেন, ‘আজ ইফতারে নিম্নমানের শরবত তৈরি করেছে জান্নাতি ময়না।’ ‘কীভাবে?’ জানতে চাইলে তিনি জানান, খাদ্য পুষ্টি বিভাগের ছাত্রী ময়না শরবতে ইসুবগুল, ট্যাংক, লেবু ও চিনি একসঙ্গে মিশিয়েছেন।
আইনের প্রথম বর্ষের ছাত্রী সিদ্দিকা সুরমার মন খুব খারাপ। তিনি জানান, তাঁর বাড়ি যেতে ইচ্ছে করছে। ক্লাস শেষ না হওয়ায় এখনো ছুটি মেলেনি। কিন্তু প্রাণীবিদ্যার ছাত্রী মুমতাহিনার অভিযোগ, সুরমা ছুটি পেলেই বাড়ি ছোটে। একই সঙ্গে তিনি আক্ষেপ করেন, গত ছয় মাসে একবারও বাড়ি যেতে পারেননি। বন্ধুদের মধ্যে চারুকলার তানজিনা আফরিন ছবি আঁকার পাশাপাশি খেতে ও খাওয়াতে পছন্দ করেন। ইফতার প্রায় শেষ। এমন সময় তাঁর চমক ‘চিকেন ফ্রাই’। অমনি পুরো কক্ষে হুটোপুটি শুরু।
রমজান মাসজুড়ে ছাত্রী নিবাসের প্রতিটি কক্ষে পর্যায়ক্রমে এই ইফতারির আয়োজন চলবে, এমনই হইচই করে। তবে বাড়ির কথাও মনে পড়ে ঠিকই। দিন গুনতে থাকেন সবাই, ‘কবে আসবে ঈদ? কবে যাব বাড়ি? সেই সঙ্গে আশঙ্কাও থাকে বাড়ি ফেরার জন্য যানবাহনের টিকিট মিলবে তো?’ পড়াশোনার ফাঁকে ফাঁকে সবাই মিলে হাসি-ঠাট্টার নির্মল আনন্দে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দিনগুলো কেটে যায়।