ছাত্রীনিবাসের পরিচারিকা হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ওই কলেজের ছাত্রীনিবাসের পরিচারিকা (মেট্রন) শামসুন্নাহারকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গত বুধবার মামলাটি করা হয়। নিহত পরিচারিকার বড় বোন ঝরনা বেগম মামলাটি করেন। আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য বুধবারই জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হচ্ছেন কলেজের সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদ, সাবেক উপাধ্যক্ষ রোজাইন আহম্মেদ, ইংরেজি বিভাগের প্রভাষক খালিদ হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল সালাম, নৈশপ্রহরী শহিদুল ইসলাম, আলালউদ্দিন, আফজাল হোসেন ও আয়া রওশন আরা বেগম।মামলার আরজিতে উল্লেখ করা হয়, শামসুন্নাহার জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে পরিচারিকা পদে ১০ বছর ধরে চাকরি করেছেন। ওই কলেজের সাবেক অধ্যক্ষসহ শিক্ষকেরা ছাত্রীনিবাসের ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক কাজ করতেন। এতে বাধা দেওয়ায় তাঁরা ২০০৯ সালের ২১ নভেম্বর সকালে শামসুন্নাহারকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী দিবাগত রাত একটায় নৈশপ্রহরীদের সহায়তায় শামসুন্নাহারকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর লাশ কলেজের সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।কলেজের সাবেক অধ্যক্ষ ফারুক আহমেদ বলেন, ‘আমরা ষড়যন্ত্রের শিকার। ছাত্রীনিবাসের ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের অনৈতিক কাজ করার অভিযোগ মোটেও সঠিক নয়। একটি মহল এ ধরনের অভিযোগ তুলে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।’