ছাত্রীনিবাসের পেছনে মাদকসেবীদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি কলেজের ছাত্রীনিবাসের পেছন দিকে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। কলেজের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানোর পরও তা প্রতিরোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, কলেজ ক্যাম্পাসে বিকেল থেকে নানা বয়সের যুবকেরা আড্ডা দিয়ে থাকে। তারা নানা ধরনের মাদক সেবন করে। এরা সংঘবদ্ধ এবং আশপাশ এলাকার বাসিন্দা। ভয়ে সাধারণ শিক্ষার্থীরা কিছু বলেন না। এ ছাড়া একেবারে নিরিবলি পরিবেশে পেছনে একটি মেয়েদের ছাত্রীনিবাস রয়েছে। সেখানে ছাত্রীরা স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারেন না।কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র বলেন, এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু মাদকসেবীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ঘটনা জানার পর ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।