ছাত্রীনিবাসের সেই তত্ত্বাবধায়কের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের মুখে অবশেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী কলেজের শরীরচর্চাবিষয়ক শিক্ষক আজাদ শাহ চৌধুরী ছাত্রীনিবাসের প্রধান তত্ত্বাবধায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পদত্যাগ চেয়ে গতকালও ছাত্রীরা আন্দোলন করায় তিনি পদত্যাগ করেন বলে কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কলেজ সূত্র জানায়, ছাত্রীনিবাসের তিন তত্ত্বাবধায়কের পদত্যাগসহ ১১ দফা দাবিতে ছাত্রীরা আন্দোলন করছিলেন। আবাসিক ছাত্রীদের এ আন্দোলন থেকে বিরত রাখতে গত বুধবার ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে কয়েকজন যুবক ছাত্রীনিবাসে ঢুকে পড়লে ছাত্রীরা তাঁদের আটকে রাখে। ছাত্রীরা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক আজাদ শাহ ও অধ্যক্ষ আলী রেজা মো. আবদুল মজিদের নির্দেশে যুবকেরা তাঁদের ছাত্রীনিবাসে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসবেন বলে আশ্বাস দেওয়ার পর ছাত্রীরা যুবকদের বুধবার রাতেই ছেড়ে দেন। কথামতো গত বৃহস্পতিবার অধ্যক্ষ ছাত্রীদের সঙ্গে বৈঠক না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা গতকাল তত্ত্বাবধায়কের কার্যালয় ভাংচুর করেন। এ ঘটনার পর গতকাল শুক্রবার ছাত্রীনিবাসের পানির পাইপলাইন বন্ধ করে সব কর্মী চলে যান। দুর্ভোগে পড়েন ছাত্রীরা। কলেজ সূত্র জানায়, অধ্যক্ষ পুলিশ নিয়ে গতকাল ছাত্রীনিবাসে যান। এ সময় আজাদ শাহ চৌধুরী তাঁদের সঙ্গে ছিলেন। আজাদকে দেখে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের বিক্ষোভের মুখে আজাদ শাহ পদত্যাগ করেন। অধ্যক্ষ জানান, ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়কের কার্যালয় ভাঙার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। কলেজ সূত্র জানায়, বিকেল চারটার দিকে অধ্যক্ষ আসার পর কর্মচারীরাও ফিরে আসেন এবং পানির লাইন চালু করে দেন। অধ্যক্ষ বলেন, বুধবারের ঘটনায় ইংরেজি বিভাগের প্রধান রোকেয়া বেগমকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাঁরা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।