কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বনভোজন শেষে কলাপাড়া পৌর শহরে ফেরার পথে কলাপাড়া মহিলা কলেজের ছাত্রীদের বহনকারী বাসে একদল বখাটে আলকুচ (চুলকানি-জাতীয় ফলের গুঁড়া) ছিটিয়ে দেওয়ায় তিন শিক্ষকসহ ৩৮ ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।আহত শিক্ষক মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘কুয়াকাটায় বনভোজন শেষে আমরা ছাত্রীদের নিয়ে বাসে করে কলাপাড়ায় ফিরছিলাম। মহিপুর ফেরি পার হয়ে গাড়িটি পাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই ফেরিঘাটের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা দুই-তিনজন বখাটে গাড়ির ভেতর আলকুচ ফলের গুঁড়া ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ছাত্রী ও শিক্ষকেরা আক্রান্ত হন। এ সময় কয়েকজন ছাত্রীর চোখ আক্রান্ত হয়। চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরাসহ অন্য সহকর্মীরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রে নেয়।’অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন বলেন, ‘বখাটেরা এভাবে প্রকাশ্যে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছাত্রীদের বহন করা বাসে এভাবে তেলকুচ ফলের গুঁড়া ছুড়তে পারে, ভাবাই যায় না! কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মতিন জানান, আলকুচ একধরনের লতা-জাতীয় গাছ। এ গাছের ফলের ভেতরে গুঁড়া থাকে, যা মানুষের শরীরে লাগলে তীব্র চুলকানি হয়। চোখে লাগলে অন্ধ হয়ে যেতে পারে।মহিপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের ছাত্র রুবেল (২০) ও মাসুমকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।