ছাত্রীর অভিভাবকের ওপর হামলার ঘটনায় বখাটে গ্রেপ্তার
এক ছাত্রীর অভিভাবকের ওপর হামলার ঘটনায় জামালপুরের মাদারগঞ্জে গতকাল শুক্রবার ইব্রাহীম (১৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনায় গতকাল ইব্রাহীমকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, পৌর এলাকার একটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ইব্রাহীম অনেক দিন ধরে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবকদের জানায়। ছাত্রীর অভিভাবকেরা ইব্রাহীমের পরিবারকে বিষয়টি জানান। এর জের ধরে গত রোববার রাতে ইব্রাহীমের নেতৃত্বে কয়েকজন মেয়েটির চাচাকে ঘর থেকে বের করে মারধর করে। এ সময় ওই ছাত্রীর ফুফাতো ভাই ও দাদিসহ কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালায় তারা। এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হন। মাদারগঞ্জ থানার ওসি আবদুল আওয়াল জানান, মারধরের ঘটনায় ওই ছাত্রীর চাচা গতকাল ইব্রাহীমসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। গতকাল ইব্রাহীমকে পৌর এলাকার উত্তর গাবের গ্রাম থেকে গ্রেপ্তার করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।