ছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে পোস্টার, তরুণের গা ঢাকা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক তরুণ এক মাদ্রাসাছাত্রীর অশ্লীল পোস্টার (কম্পিউটারের মাধ্যমে কারসাজি করে বিশেষ প্রক্রিয়ায় বানানো অশ্লীল ছবি) এলাকার বিভিন্ন স্থানে সাঁটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ছাত্রীটির বাবা ওই তরুণের বিরুদ্ধে ২৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। ওই তরুণের নাম শামীম হোসেন (১৮)। তাঁর বাড়ি উপজেলার মঞ্জুপাড়া (চিলাপাড়া) গ্রামে। মামলায় শামীমসহ চারজনকে আসামি করা হয়েছে।ছাত্রীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। ছয় মাস ধরে শামীম তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছেন। মেয়ে বিষয়টি তাঁকে জানালে তিনি মৌখিকভাবে শামীমকে সতর্ক করে দেন। সতর্ক করার পরও গত ১৩ ফেব্রুয়ারি শামীম ও তাঁর এক বন্ধু মাদ্রাসায় যাওয়ার পথে মেয়েটির শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী শামীমকে আটক করে সালিসের আয়োজন করে। সালিসে শামীম মেয়েটিকে উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেন। ওই প্রতিশ্রুতির পরও শামীম মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে। এ কারণে বাধ্য হয়ে তিনি তাঁর মেয়ের লেখাপড়া বন্ধ করে দেন। ছাত্রীর বাবা আরও অভিযোগ করেন, ২৬ এপ্রিল শামীম ও তাঁর এক সহযোগী মেয়েটির অশ্লীল পোস্টার তৈরি করে এলাকার বিভিন্ন স্থানে সেঁটে দেন। ওই গ্রামের বাসিন্দা ইউপির সাবেক সদস্য অহেদুল ইসলাম জানান, শামীম ও আনেজ রাতে এই অশ্লীল পোস্টাগুলো লাগানোর সময় গ্রামের অনেক নারী দেখে তাঁকে খবর দেন।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সরেজমিনে গিয়ে ২৭ এপ্রিল তিনি কিছু অশ্লীল পোস্টার জব্দ করেছেন। পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।