জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী মার্জিয়া জান্নাত সুমির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সেই শিক্ষকের বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শহীদ মিনার ও প্রশাসনিক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করে।দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনোয়ার হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সুমির মতো মেধাবী শিক্ষার্থীর অকালমৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বেলা একটার দিকে তাঁরা একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।