ছাত্রীর আপত্তিকর দৃশ্য মুঠোফোনে ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীর ওপর জোর খাটিয়ে মুঠোফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৬০ হাজার টাকা চাঁদা না দিলে ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে মেয়ের বাবাকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বিষয়টি এলাকায় জানাজানির পর ঘটনার সঙ্গে জড়িত তিন তরুণ বাড়ি ছেড়ে পালিয়েছেন।
এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে রোববার রাতে তিন তরুণের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। আসামিরা হলেন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের বিধান বর্মণ (১৮) ও কমল বর্মণ (১৭) এবং পাশের মিতইল গ্রামের প্রসেনজিৎ (২১)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে।
এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভেনলা গ্রামের বিধান বর্মণ ও কমল বর্মণ ১৩ জুলাই বিকেলে ওই ছাত্রীকে রাস্তা থেকে ধরে নিয়ে একটি কলাবাগানে আটকে রাখেন। পরে জোর করে তাকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করেন। এরপর ভিডিওচিত্রটি তাঁদের বন্ধু পাশের মিতইল গ্রামের প্রসেনজিতের কাছে দেন। পরে প্রসেনজিৎ ওই ছাত্রীর বাবার কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁরা ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেবেন বলে ছাত্রীর বাবাকে হুমকি দেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে গত বৃহস্পতিবার রাতে মিতইল গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য সুশীল বর্মণের বাড়িতে বিষয়টি নিয়ে বৈঠক হয়। বৈঠকে সুশীল বর্মণ মেয়ের বাবাকে টাকা দিয়ে ঘটনার নিষ্পত্তি করতে বলেন। তবে সুশীল বর্মণ এ অভিযোগ অস্বীকার করেন।
মেয়ের বাবা তাঁর দরিদ্রতার কথা বলে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বৈঠকে কোনো সমঝোতা হয়নি। ঘটনাটি পরে আরও বেশি জানাজানি হলে ওই তিন তরুণ গা ঢাকা দেন।
গত শনিবার সকালে মেয়ের বাড়ি গেলে তাঁর মা মেয়ের নগ্ন ভিডিওচিত্র ধারণ এবং তাঁদের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করার কথা স্বীকার করেন। কমল বর্মণের মা জানান, তাঁর ছেলে অন্যের প্ররোচনায় ওই মেয়ের ছবি তুলেছেন বলে তিনি শুনেছেন। তবে প্রসেনজিতের মা জানান, তাঁর ছেলে কী করেছেন তিনি তা জানেন না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাইল হোসেন বলেন, প্রসেনজিৎ মেয়েটির পরিবারের কাছে চাঁদা দাবির কথা স্বীকার করেছে। চাঁপাপুর ইউপির চেয়ারম্যান শামছুল হক জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে কেউ তাঁর কাছে অভিযোগ করেননি।