ছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বেলা একটায় এই মানববন্ধন করেন উপজেলার নারী উন্নয়ন ফোরামের সদস্যরা।
মানববন্ধন চলাকালে বক্তারা এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোহন মিয়ার (২০) দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন । ৭ অক্টোবর রাতে জামালগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ওই ছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়েন। সুনামগঞ্জ শহরে থেকেই লেখাপড়া করতেন তিনি। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। মোহন মিয়া তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মোহন মিয়া এই ঘটনা ঘটিয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছে মেয়ের পরিবারের লোকজন। ঘটনার পরদিন পুলিশ মোহন মিয়াকে গ্রেপ্তার করে।