
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ওপর হামলাকারীর গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে এ দাবি জানান তাঁরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ও আহত ছাত্রীর সহপাঠীরা বলেন, হামলাকারীর পরিবার প্রভাবশালী হওয়ায় ১৩ দিন পেরিয়ে গেলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আদালত থেকে জামিন নিয়ে ওই ছাত্রীর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন হামলার শিকার শিক্ষার্থীর মা, আইবিএর সহপাঠী ম্যা মো আই, সমাজবিজ্ঞান বিভাগের আরিফ দেওয়ান প্রমুখ।
১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিবিএ প্রথম বর্ষের ওই ছাত্রীকে টিএসসিতে মারধর করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রথম বর্ষের ছাত্র তামহীদ এশাদ। সেদিনই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এরপর ছাত্রীর মা সংবাদ সম্মেলন করে তাঁর মেয়ের সুস্থতা, নিরাপত্তাসহ দোষী ব্যক্তির বিচার দাবি করেন।