ছাত্রীর ওপর হামলায় জবানবন্দি বখাটে ইমনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় কলেজছাত্রীকে (১৭) কুপিয়ে জখম করার ঘটনায় বখাটে ইমন মিয়া (২৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার সন্ধ্যায় নেত্রকোনার বিচারিক হাকিম আদালত-৩-এ তাঁকে হাজির করা হয়। বিচারক সৈয়দ আবদুল্লাহ আল হাবিব ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১-এ ইমনকে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। ওই দিন বিচারক মো. আলমগীর হোসাইন তাঁর তিন দিনের রিমান্ড মুঞ্জর করেন।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন কলেজছাত্রীর অবস্থা কিছুটা উন্নতির দিকে। হাসপাতালের উপপরিচালক মো. আবদুল গনি প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি সার্জারি বিভাগের অধ্যাপক মো. আশরাফ উদ্দিনের তত্ত্বাবধানে আছে। তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে দুই হাতের বেশ কয়েকটি রগ কেটে যাওয়ায় ও মাথায় বেশি আঘাত পাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে।’

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ১৭ অক্টোবর ঘটনার দিনই ইমনকে গ্রেপ্তার করা হয়। মেয়েটির বাবা ওই বখাটেকে আসামি করে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশের পক্ষ থেকে মেয়েটির পরিবারে কিছু আর্থিক সহায়তাসহ চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইমন চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ওই কলেজছাত্রীকে জখম করেন। এর আগে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেয়েটির মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি কোপ লেগেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান প্রাথমিকভাবে জানিয়েছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক সঞ্জয় সরকার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের কাছে ইমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জানিয়েছেন, কয়েক দিন আগেই তিনি ওই ছাত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন।