ছাত্রীর ছবি অনলাইনে পোস্ট, তরুণের জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক কলেজছাত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে মামুনুল ইসলাম (২২) নামের এক তরুণকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম। মামুনুল ওই ইউনিয়নের বালিয়াহুড়া গ্রামের জাকির সরকারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মামুনুল এক কলেজছাত্রীর ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এ নিয়ে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। আজ বিকেলে স্থানীয় লোকজন কসবা থানা-পুলিশের সহযোগিতায় মামুনুলকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে ইউএনও হাসিনা ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসান। মামুনুল তাঁর দোষ স্বীকার করায় দণ্ডবিধির ১৮৬০ সালের ৫০৯ ধারায় ইভ টিজিং ও যৌন হয়রানির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও হাসিনা ইসলাম বলেন, মামুনুল তাঁর দোষ স্বীকার করায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।