ছাত্রীর ছবি ফেসবুকে দিয়ে কারাগারে মোবাইল মেরামতকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকদিন আগে মোবাইল সেট নষ্ট হয়ে গিয়েছিল এক কলেজছাত্রীর। এরপর তিনি তা সারাতে দিয়ে আসেন মেরামতকারী ইমরানের কাছে। তবে ওই ছাত্রী তাঁর মোবাইল থেকে মেমোরি কার্ড বের করতে ভুলে গিয়েছিলেন। আর এই সুযোগটির অপব্যবহার করেন মেরামতকারী।

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান মোবাইলের মেমোরি কার্ড থেকে ওই ছাত্রীর ছবি ও ভিডিও নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে অশালীন মন্তব্য করেন। তবে এসব করে পার পাননি ইমরান। আজ বুধবার দুপুরে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

আজ সকালে ইমরানকে বাকলিয়া থানার ইছাইক্যার পুল এলাকা থেকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। ইমরানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ইমরান মোবাইল থেকে ওই ছাত্রীর ছবি নিয়ে সেগুলো ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দিয়ে অশালীন কথাবার্তা লেখেন। পরে এসব ছবি শেয়ার হতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রীর ভাইয়ের নজরে আসে বিষয়টি। পরে তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বাসায় গিয়ে ইমরানকে আটক করে। আদালতে ইমরান বিষয়টি স্বীকার করেন।