ছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় এক স্কুলছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আইডি খুলে আপত্তিকর পোস্ট দেওয়ায় এক শিশুকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই শিশুকে পাঁচ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ড পাওয়া শিশু বিপ্লব কুমার (১৪) উপজেলার বড়বিহানালী গ্রামের নিতাই প্রামাণিকের ছেলে। 

বাগমারা থানার উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান বলেন, বিপ্লব কুমার এক স্কুলছাত্রীর নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে। ওই অ্যাকাউন্ট থেকে ওই ছাত্রীর বিকৃত ছবি ও বিভিন্ন ধরনের আপত্তিকর লেখা পোস্ট করে। এ ছাড়াও ছাত্রীর মোবাইলে বিভিন্ন অশ্লীল ভাষায় খুদে বার্তাও পাঠায়। পরে ছাত্রীর পরিবার বিপ্লবকে শনাক্ত করে তাকে ডেকে আনে। সে ওই ছাত্রীর পরিবারের কাছে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা ও ছবি বিকৃতির কথা স্বীকার করে। ছাত্রীর পরিবার বিপ্লব কুমারকে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে বিপ্লবকে আটক করে। সন্ধ্যায় ইউএনও পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শিশুকে অর্থদণ্ড (পাঁচ হাজার টাকা) অনাদায়ে কারাদণ্ডের নির্দেশ দেন।
রাতে টাকা পরিশোধ করে বিপ্লব কুমার পুলিশ হেফাজত থেকে ছাড়া পায় বলেও জানান এএসআই আসাদুজ্জামান।