ছাত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে বখাটেদের উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর পড়ালেখা বন্ধ হতে বসেছে। নিরাপত্তার কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলপ্রত্যাশী ওই ছাত্রী বাড়ি থেকে বের হতে পারছে না।

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় জড়িত বখাটেদের গ্রেপ্তারের দাবিতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে গতকাল শনিবার মানববন্ধন করেন স্থানীয় লোকজন।

এদিকে স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম করার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মাহবুর রহমান (২৩) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রীর মা জানান, তাঁর মেয়ে দুই দফায় বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়। এর প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকেও মারধর করে বখাটেরা। এর পর থেকে তাঁর মেয়ে ঠিকমতো পড়ালেখা করতে পারছে না। সারা দিনই কান্নাকাটি করছে। বখাটেদের গ্রেপ্তার করা না হলে যেকোনো সময় মেয়ের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এসব বিষয় বিবেচনা করে তার প্রাইভেট পড়া বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

মেয়ের বাবা বলেন, উত্ত্যক্তকারীদের সহযোগী মাহবুর গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত অলি এখনো গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় তিনি মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এদিকে গতকাল সকাল ১০টার দিকে শহরের বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের সামনে বখাটেদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ আবদুস সালাম মণ্ডল, স্থানীয় দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক ও প্রকাশক দিল মোহাম্মদ, কলেজছাত্রী নাদিয়া ইসলাম প্রমুখ।

উপাধ্যক্ষ আবদুস সালাম মণ্ডল বলেন, এক বছর ধরে গুরুদাসপুরে ছাত্রী উত্ত্যক্তের ঘটনা বেড়েছে। এতে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের উপস্থিতিও কমছে। পারিবারিক সম্মানের কথা ভেবে অনেক অভিভাবকই অপরিণত বয়সে মেয়েদের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই সহযোগী মাহবুরকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত অলিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, অলি (২২) ও মাহবুর নামের দুই বখাটে ২০ মার্চ স্কুলের কমনরুমে ঢুকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। সে সময় সামাজিকতার ভয়ে মেয়ের অভিভাবক কোনো পদক্ষেপ নেননি। তবে স্কুলের প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ ওই ঘটনায় বখাটেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ৬ নভেম্বর ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে অলি ও তার সহযোগী মাহবুর আবারও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাবা বখাটেদের উত্ত্যক্ত না করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃহস্পতিবার দুপুরে শহরের চাঁচকৈড় বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সিএম মার্কেটের সামনে ছাত্রীর বাবার পথ রোধ করে। একপর্যায়ে হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটায়। এ সময় তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি ভাঙচুর করে মুঠোফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ওই ঘটনায় ছাত্রীর বাবা অলি, মাহবুরসহ পাঁচ-ছয়জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দেন। এ নিয়ে শুক্রবার প্রথম আলোয় একটি প্রতিবেদন ও শনিবার সম্পাদকীয় ছাপা হয়।