ছাত্রীর পরীক্ষা দিতে এসে...
ছাত্রীর হয়ে বোরকা পরে এসএসসি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন এক গৃহশিক্ষক। তাঁর নাম আব্দুল হালিম। তিনি উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই উচ্চবিদ্যালয়ের হালিমা আক্তারের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।গত সোমবার গণিত পরীক্ষা চলাকালে জামালপুরের মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট স্কুল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে প্রকৃত পরীক্ষার্থী হালিমা আক্তারকে বহিষ্কার করা হয়েছে এবং আব্দুল হালিমকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষার্থী হালিমা আক্তার গত বছর গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সোমবার গণিত পরীক্ষার ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পর কক্ষ পরিদর্শক মো. শাহজাহান খন্দকার বোরকা পরা ওই পরীক্ষার্থীর উপস্থিতি স্বাক্ষর নিচ্ছিলেন। এ সময় তিনি পরীক্ষার্থীর নাম জানতে চান। জবাবে ‘হালিমা আক্তার’ বলার সঙ্গে সঙ্গে পুরুষ কণ্ঠ কানে বাজে। পরে তাঁকে কেন্দ্রসচিবের কক্ষে নিয়ে গেলে বিষয়টি ধরা পড়ে। আব্দুল হালিমের বাড়ি পচাবহলা গ্রামে। তিনি ইসলামপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ভুয়া পরীক্ষার্থী আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।