সুনামগঞ্জ পৌর শহরে গত সোমবার রাতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ সময় তাদের মারধরে দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে ওই রাতেই আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পৌর শহরের হাসননগর এলাকার আহমদ আলীর ছেলে শাহ আলম (২১) ও জামতলা এলাকার বারিক মিয়ার ছেলে হিমু মিয়া (২০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি কলেজে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতেন হিমু, শাহ আলমসহ কয়েকজন৷ সোমবার রাত ১০টার দিকে ওই দুজনের সঙ্গে পশ্চিমবাজার এলাকার জিওন (২২), তেঘরিয়া এলাকার ফজলে রাব্বী (২০) ও হাসননগর এলাকার আবদুল মালেক (২৫), বিলপাড় এলাকায় গিয়ে মেয়েটির ভাইকে পেয়ে মেয়েটি সম্পর্কে কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে ছেলেটিকে মারধর করা হয়। পরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন তাঁরা। এ ঘটনায় আহত হন ছয়জন। তাঁদের একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেয়েটির বাবা এই পাঁচ তরুণের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি জানে আলম খান জানান, ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।