ছাত্রীর বাবা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় স্কুলছাত্রীর বাবাকে হত্যা মামলার প্রধান আসামি পারভেজ হোসেন ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গত সোমবার রাতে রাজধানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পারভেজ হোসেনের (২২) বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে। র্যাব-৪ সূত্র জানায়, র্যাব-৪-এর ঢাকার সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদুর রহমানের নেতৃত্ব গাবতলী এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে শিবালয়ের দশম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন পারভেজ। ছাত্রীর বাবা এ নিয়ে পারভেজের অভিভাবকদের কাছে নালিশ করেন। কিন্তু ফল পাননি। সম্প্রতি পরিবারের কাছে ছাত্রীর বিয়ের প্রস্তাব পাঠান পারভেজ। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ছাত্রীর বাবাকে হত্যার হুমকি দেন পারভেজ। ২ নভেম্বর রাত আটটার দিকে দরজির দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন ছাত্রীর বাবা। বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজন ও প্রতিবেশীরা তাঁকে খুঁজতে থাকেন। রাত একটার দিকে হরিরামপুরের মাচাইন গ্রামে খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ দেখেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ছাত্রীর মা পারভেজসহ চারজনকে আসামি করে মামলা করেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব আসামি পারভেজকে তাদের কাছে হস্তান্তর করেছে।