ছাত্রীর বাবার গায়ে বখাটের কোপ
স্কুলছাত্রীর ছবির সঙ্গে এক বখাটের ছবি আপত্তিকরভাবে সংযুক্ত করে বখাটেরা চাঁদা দাবি করে। মেয়ের বাবা চাঁদা দিতে অস্বীকার করায় বখাটেরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার ধানপূজা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার হাসান আলী (২২) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধানপূজা গ্রামের ওই ছাত্রী তার এক বান্ধবীর সঙ্গে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দুবড়া গ্রামে প্রায়ই যাতায়াত করত। একদিন সে ওই বান্ধবীর সঙ্গে ছবি তোলে। ছবিটি বান্ধবীর চাচাতো ভাই হাসান আলী জোগাড় করে কম্পিউটারে কারসাজির মাধ্যমে ছাত্রীটির সঙ্গে তাঁর ছবি আপত্তিকরভাবে সংযুক্ত করে ধানপূজা গ্রামে তাঁর (হাসান) কয়েকজন বন্ধুর মুঠোফোনে পাঠিয়ে দেন। সপ্তাহ খানেক আগে হাসানের বন্ধু ধানপূজা গ্রামের হানিফ, মাহফুজ ও আনোয়ারুল ইসলাম ছাত্রীটির বাবাকে ওই ছবি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে ছাত্রীর বাবা অস্বীকার করায় তারা গত বৃহস্পতিবার ধানপূজা গ্রামের নদীর পাশে তাঁকে ডেকে দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এদিকে ছাত্রীর চাচা গত শুক্রবার কাহালু থানায় এ ঘটনায় মামলা করেছেন। পুলিশ ওই দিনই হাসান আলীকে গ্রেপ্তার করেছে। হাসান আলী দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দুবড়া গ্রামের আছাদ আলীর ছেলে। কাহালু থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।