ছাত্রীর বাড়িতে বখাটের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বখাটের নেতৃত্বে একদল সন্ত্রাসী দশম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নেওয়ার জন্য তার বাড়িতে যায়। কিন্তু তাকে না পেয়ে সন্ত্রাসীরা তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ওই ছাত্রীর মাসহ তিনজন আহত হন। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত রোববার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর পঞ্চমখণ্ড গ্রামের জমসেদ আলীর ছেলে কালন মিয়া (২০) হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে কালন তাকে প্রেমের প্রস্তাবও দিয়েছে। এ প্রস্তাবে সাড়া দেওয়ায় কালন ওই ছাত্রীকে অপহরণ করার হুমকি দেয়। গত শনিবার এ নিয়ে ওই ছাত্রীর চাচার সঙ্গে কালনের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কালন ১০-১২ জন সহযোগীকে নিয়ে গত রোববার রাতে ওই ছাত্রীকে তুলে নেওয়ার জন্য তার বাড়িতে যায়। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ওই ছাত্রী লুকিয়ে পড়ে। ওই ছাত্রীকে না পেয়ে কালন ও তার সহযোগীরা ছাত্রীর মা (৪০), ফুফু (২০) ও চাচির ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রীর চাচা কালনসহ ১৩ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিক খান জানান, ওই ছাত্রীর বাড়িতে হামলা চালানোর ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জমসেদ আলীকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।