ছাত্রীর ভিডিওচিত্র ধারণের ঘটনায় দুই আসামি রিমান্ডে
নোয়াখালীর বেগমগঞ্জের পূর্ব কাদিরপুর গ্রামে ছাত্রীকে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ধারণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি শান্ত মিয়া (১৮) ও মাঈন উদ্দিনের (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম জাকির হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে মূল অভিযুক্ত তাজুল ইসলাম ওরফে সুমনকে ঘটনার পর ১২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সুমনকে গোপনে বিদেশ পাঠিয়ে দেওয়ার জোর প্রস্তুতি চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাকিম প্রথম আলোকে বলেন, সুমনকে বিদেশে পাঠানোর চেষ্টার কথা তাঁরাও শুনেছেন, যার ভিত্তিতে তাঁরা গতকালই ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় চিঠি পাঠিয়েছেন, যাতে সুমন বিদেশে পাড়ি দিতে না পারে।কলেজছাত্রীর বাবা প্রথম আলোকে জানান, তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা বালিয়াকান্দি সুলতান আহম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে জানানোর কারণেই মেয়ের ওপর বর্বর নির্যাতন চালানো হয়। গত ২৭ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও মূল হোতা সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের তাজুল ইসলাম সুমন গ্রেপ্তার হয়নি।কলেজছাত্রীর বাবা আরও বলেন, ‘অভিভাবকেরা সুমনকে আজ (রোববার) ওমান পাঠিয়ে দিচ্ছে বলে শুনেছি। বিষয়টি বেগমগঞ্জ থানার পুলিশকে কয়েক দিন আগে এবং গতকাল পুনরায় জানানো হয়েছে। পাশাপাশি কলেজের পক্ষ থেকে এ ঘটনায় প্রতিকার চেয়ে আবেদন করতে বলা হয়েছে। আগামীকাল (আজ সোমবার) আবেদনের কপি কলেজে পৌঁছে দিব।’ তিনি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।কলেজ সূত্রে জানা যায়, ছাত্রীর বাড়িতে হামলা এবং মা-বাবার সামনে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ধারণের ঘটনায় ২৯ সেপ্টেম্বর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক আবদুল মান্নানকে আহ্বায়ক, ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক এ কে এম নুরুল আবছার এবং হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক সহিদুল আলমকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ সহিদুল আলম গতকাল প্রথম আলোকে জানান, ছাত্রীর বাবাকে আবেদনপত্র দিতে বলা হয়েছে। আবেদন পেলে তা পর্যালোচনা করে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। পরে এ ব্যাপারে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হবে।বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের ওই কলেজছাত্রীকে সেনবাগের বালিয়াকান্দি িডগ্রি কলেজে আসা-যাওয়ার পথে দেবীসিংহপুর গ্রামের তাজুল ইসলাম ওরফে সুমন প্রায়ই উত্ত্যক্ত করত বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনা ছাত্রীর বাবা গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষকে জানালে সুমন ক্ষিপ্ত হয়ে রাতে দলবল নিয়ে ছাত্রীর বাড়িতে হানা দেয়। সুমন ও তার সঙ্গীরা ছাত্রীটিকে ঘরের বাইরে নিয়ে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে এবং কয়েকটি বসতঘরে হামলা-ভাঙচুর চালায় ও লোকজনকে মারধর করে।