ছাত্রীর মুখে এসিড ছোড়ার হুমকি
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক ছাত্রীর মুখ এসিডে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছে এক বখাটে। ওই ছাত্রীর অভিভাবেকরা এ অভিযোগ তুলেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, হুমকির কারণে দুই দিন ধরে স্কুলে যাচ্ছে না ওই ছাত্রী।পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায় এক বছর ধরে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছেন মজলিশপুর চাঁড়ালবাড়ী গ্রামের বখাটে রাজন (২৫)। গত সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মজলিশপুর বাজারের একটি দোকানে মুঠোফোন সারাতে যায় ছাত্রীটি। এ সময় রাজন তাকে উদ্দেশ করে অশালীন কথা বলেন। এর প্রতিবাদ করলে রাজন ওই ছাত্রীকে পুড়িয়ে মারার হুমকি দেন।ছাত্রীটি ওই দিনই স্কুল কর্তৃপক্ষকে এ কথা জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রাজন রাতেই ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। তিনি বলেন, কথা না মানলে ছাত্রীর মুখ এসিডে ঝলসে দেবেন।ছাত্রীর পরিবারের ভাষ্যমতে, মঙ্গলবার মেয়েটির বাবা রাজনের হুমকির বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। ওই দিনই বিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের পরামর্শে একজন শিক্ষকসহ ছাত্রীর বাবা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।ইউএনও মো. হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিকলী থানার ওসি বজলুর রহমান বলেন, উত্ত্যক্তের বিষয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বা ইউএনওর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে রাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে। তাঁর পরিবারের পক্ষ থেকেও বক্তব্য পাওয়া যায়নি।