ছাত্রীর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যাওয়ায় গতকাল শনিবার এক কলেজছাত্রীকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কলেজছাত্রীর পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় এক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে একই কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রের প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের এক বছর পারও হলেও ওই ছাত্রীকে বিয়ে না করে তার সঙ্গে প্রতারণার আশ্রয় নেয় ওই ছাত্র। এ অবস্থায় ওই ছাত্রী মুঠোফোনে যোগাযোগ করে গতকাল সকাল ১০টার দিকে বিয়ের দাবিতে ওই ছাত্রের বাড়িতে যায়। তাকে দেখে ওই ছাত্র কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় ওই ছাত্রের ছোট ভাই, তার বাবা ও মা ওই ছাত্রীকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে বাড়ির পাশে একটি মাঠের মধ্যে ফেলে দেন। বজলুর রশিদ নামের এক অটোভ্যানচালক ওই ছাত্রীকে মাঠের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওই ছাত্রীর মা বলেন, কলেজে পড়ার সময় বিয়ের প্রস্তাবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে অনেকবার বিয়ের কথা বললে ওই ছাত্র ঘটনাটি কৌশলে এড়িয়ে যায়। এ অবস্থায় গতকাল সকালে তাঁর মেয়ে বাড়ি থেকে কলেজে যাওয়ার কথা বলে ওই ছাত্রের বাড়িতে যায়। এ সময় ওই ছাত্রের পরিবার তাঁর মেয়েকে আশ্রয় না দিয়ে মারধর ও মুখে বিষ দিয়ে হত্যার চেষ্টা করে।

এ ব্যাপারে ওই ছাত্রের বাবা ও মা বলেন, ‘ওই ছাত্রী বিয়ের দাবি করে আমাদের বাড়িতে জোর করে ঢোকার সময় তাকে বাধা দেওয়া হয়েছে। তাকে মারধর বা মুখে বিষ দেওয়া হয়নি। ওই ছাত্রী বাড়িতে এসে আমাদের ছেলের সঙ্গে দেখা করতে না পেরে নিজেই বিষ পান করেছে।’

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, কলেজছাত্রীর পেটে বিষ পাওয়া গেছে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।