ছাত্রীর লাশ উদ্ধার স্বামী পলাতক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম থেকে গত শনিবার রাতে নাদিরা আক্তার (২০) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নাদিরার স্বামী জসিম উদ্দিন (২১) পলাতক।নাদিরা বরগুনার বামনা উপজেলার ফয়জুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। নাদিরার মা ফরিদা বেগমের অভিযোগ, নাদিরার শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামের শাহ আলমের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মৃত হারুন মিয়ার মেয়ে নাদিরা আক্তারের দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নাদিরাকে জসিম প্রায় শারীরিক নির্যাতন করতেন। গত শনিবার বিকেলে চারটার দিকে নাদিরার সঙ্গে জসিমের ঝগড়া হয়। মঠবাড়িয়া থানা পুলিশ খবর পেয়ে রাত নয়টার দিকে ঘর থেকে নাদিরার ঝুলন্ত লাশ উদ্ধার করে। গতকাল রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নাদিরার মা ফরিদা বেগম অভিযোগ করেন, ‘জসিম আর ওর মায় ট্যাহার লইগ্যা নাদিরারে পিডাইত। ও (জসিম) মোর মাইডারে (নাদিরা) গলা টিইপ্পা মাইরা (হত্যা করে) গলায় ওড়না লাগাইয়া আড়ায় টানাইয়া থুইছে।’জসিম উদ্দিনের বাবা শাহ আলম পুত্রবধূ নাদিরাকে হত্যার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, জসিমের সঙ্গে কোনো ব্যাপারে ভুল বোঝাবুঝির কারণে নাদিরা অভিমানে আত্মহত্যা করতে পারে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মৃধা বলেন, ‘নাদিরার গলার নিচে ও বুকের ডান পাশে সামান্য কালো দাগ পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’