ছাত্রীর শ্লীলতাহানি চিকিৎসকের কারাদণ্ড
নোয়াখালীর চাটখিলে কলেজছাত্রীর শ্লীলতাহানি করায় আবদুর রহমান ওরফে রাজু (২৫) নামের এক দন্তচিকিৎসককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এই সাজা দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শনিবার বেলা ১১টার দিকে ওই কলেজছাত্রী তাঁর বাবা-মাকে নিয়ে দাঁত তোলার জন্য চাটখিল পৌর শহরের মনির ডেন্টাল ক্লিনিকে যান। ক্লিনিকের চিকিৎসক আবদুর রহমান দাঁত তোলার পর ওই ছাত্রীকে তাঁর ব্যক্তিগত কক্ষে নিয়ে যান। এ সময় ছাত্রীর মা মেয়ের সঙ্গে যেতে চাইলে তিনি বাধা দেন। কক্ষে নেওয়ার পর চিকিৎসক ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। একপর্যায়ে ওই ছাত্রী কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং বাবা-মাকে ঘটনাটি জানান। পরে ওই ছাত্রী নিজেই চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন। শনিবার রাতে পুলিশ চিকিৎসক আবদুর রহমানকে আটক করে এবং গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রথম আলোকে বলেন, নারী রোগীদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ এর আগেও এই দন্তচিকিৎসকের বিরুদ্ধে উঠেছিল। এবার অভিযোগ ওঠার পর তিনি দোষ স্বীকার করেন। তাঁকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।