ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
যশোরের অভয়নগর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গতকাল শনিবার এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ওই ছাত্রীর নানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভয়নগর থানায় মামলা করেছেন।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দীন বলেন, ‘ওই শিক্ষককে আগামীকাল রোববার (আজ) আদালতে পাঠানো হবে।’
এলাকার কয়েকজন জানান, গত বুধবার বিদ্যালয়ে পরীক্ষার পর ওই শিক্ষক ছাত্রীটির শ্লীলতাহানি করেন। ছাত্রী বিষয়টি ওই দিন তার কয়েকজন বান্ধবী ও পরিবারের সদস্যদের জানায়। গতকাল বিদ্যালয় চলাকালে ওই শিক্ষক আবার ছাত্রীটির শ্লীলতাহানি করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী একত্র হয়ে বিদ্যালয় ঘেরাও করে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ওই শিক্ষককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ওই শিক্ষক বলেন, ‘আমি ওই ছাত্রীর শ্লীলতাহানি করিনি। আমি শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির মধ্যকার দ্বন্দ্বের শিকার।’