ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাণিজ্য বিভাগের শিক্ষক মোশাররফ হোসেন ওই বিদ্যালয়সংলগ্ন একটি ভবনে প্রাইভেট পড়ান। গত মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ানোর একপর্যায়ে ওই শিক্ষক অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেন। এদিকে বৃহস্পতিবার ওই শিক্ষকের বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করার উদ্যোগ নিলে প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়ে দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. শাহজাহান মোল্লা জানান, এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বৃহস্পতিবার রাতে জরুরি সভায় মিলিত হয়। সভায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষকদের গ্রুপিংকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।’