ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে শারীরিক শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জয়নগর-তাজপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসিম আলী আকন্দকে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ শাস্তি দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নাসিম আলী আকন্দ ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ অক্টোবর বিদ্যালয়ের একটি কক্ষে ওই ছাত্রীকে ডেকে নেন নাসিম। ওই ছাত্রী সেখানে গেলে তিনি তার শ্লীলতাহানি করেন। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। পরে বিষয়টি জানাজানি হলে তার অভিভাবক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে কমিটির জরুরি সভা আহ্বান করা হয়। সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খবির উদ্দিন সরদার, প্রধান শিক্ষক মহসিন আলীসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সেখানে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষককে চর-থাপ্পড় দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে কয়েকটি চড়-থাপ্পড় মারা হয়।
এ বিষয়ে মেয়েটির বাবা অভিযোগ করেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের বেত্রাঘাত, ছাত্রীকে যৌন হয়রানি, মাদক সেবন, অর্থ আত্মসাৎসহ নানা অপকর্মের অভিযোগ ওঠে। ২০১৪ সালের শুরুর দিকে মাদক সেবন করায় এবং দায়িত্বে অবহেলা করার কারণে তাঁকে সাময়িক বহিষ্কারও করা হয়েছিল। এ ছাড়া এ বছরের শুরুর দিকে ১০ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে শিক্ষক নাসিমকে স্থায়ীভাবে বহিষ্কার করে ওই স্কুল কর্তৃপক্ষ। তা ছাড়া অযোগ্য শিক্ষক হিসেবে উল্লেখ করে নাসিমের শাস্তির জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে অভিযোগ দেন প্রধান শিক্ষক মহসিন আলী। কিন্তু ক্ষমতার দাপট ও অর্থবিত্তের প্রভাবে বারবারই তিনি দায়িত্ব ফিরে পান। এ ছাড়া ২০০৮ সালে ওই স্কুলেরই এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে নাসিমের বিরুদ্ধে।’
তবে এ ব্যাপারে নাসিম আলী আকন্দ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খবির উদ্দিন সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এর আগেও ওই শিক্ষক এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন, তখন ওই শিক্ষককে ক্ষমা করা হয়েছিল। মানবিক কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী বলেন, ‘এর আগেও স্কুলের ভেতরে এবং বাইরে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে নাসিম হোসেনের বিরুদ্ধে। তা ছাড়া ১০ জন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে ওই শিক্ষককে ব্যবস্থাপনা কমিটি বহিষ্কারও করে। কিন্তু ব্যবস্থাপনা কমিটি অবৈধ অর্থের বিনিময়ে তাঁকে আবার বহাল করেছে।’