ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে শিক্ষকের জেল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক লুৎফর রহমান ওরফে ফজলে রাব্বী গত শনিবার এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন। লুৎফর রহমানকে চাকরি থেকে অপসারণের দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় শব্দলদীঘি এলাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনায় লুৎফর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কলুমগাড়ী গ্রামের লুৎফর রহমান উপজেলা সদরের কলেজপাড়া মহল্লায় বাসা ভাড়া নিয়ে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। গত শনিবার পড়া শেষে লুৎফর রহমান অন্য ছাত্রীদের ছুটি দিয়ে ওই ছাত্রীকে পরে যেতে বলেন। অন্য ছাত্রীরা চলে গেলে লুৎফর ঘরের দরজা বন্ধ করে জোর করে মেয়েটির (অন্য একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী) শ্লীলতাহানি করতে তার হাত ধরে টানাহেঁচড়া করেন। কিন্তু কৌশলে মেয়েটি বাড়ির বাইরে আসতে সক্ষম হয়। এরপর তিনি মোটরসাইকেল নিয়ে মেয়েটিকে ধাওয়া করেন। মেয়েটি কোনোমতে পালিয়ে বাড়ি ফেরে। এ ব্যাপারে মেয়েটির বাবা শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ বিকেলে লুৎফর রহমানকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিকেলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমানকে চার মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম গতকাল রোববার বলেন, ‘লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ আছে।’