ছাত্রীর শ্লীলতাহানির দায়ে শিক্ষকের কারাদণ্ড, বরখাস্ত
রাজশাহীর বাগমারা উপজেলার নন্দনপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুল আজিজের (৪৬) বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের শাস্তির দাবিতে অভিভাবকেরা মাদ্রাসা ঘেরাও করে রাখেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েেছ। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়। গত সোমবার এই ঘটনা ঘটে।
স্থানীয় ৩০-৩৫ জন অভিভাবক বলেন, ৬ অক্টোবর মাদ্রাসার এক ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রতিষ্ঠানের শৌচাগারে যায়। এ সময় ওই মাদ্রাসার ধর্মীয় শিক্ষক আবদুল আজিজ ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটান। ঘটনার পরেই ছাত্রী এই বিষয়ে মাদ্রাসাপ্রধানের কাছে মৌখিক অভিযোগ দেয়। বাড়িতে ফিরে বাবা-মাকেও ঘটনাটি জানায়। এই বিষয়ে ছাত্রীর অভিভাবক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান প্রধানের কাছে অভিযোগ দেন। তবে গত রোববার পর্যন্ত মাদ্রাসার প্রধান এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে টালবাহানা শুরু করেন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর গত সোমবার বেলা ১১টার দিকে এলাকার অভিভাবকেরা একজোট হয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার প্রধানের বিচারের দাবিতে মাদ্রাসা এলাকায় বিক্ষোভ করেন এবং মাদ্রাসা ঘিরে রাখেন।
খবর পেয়ে বেলা একটার দিকে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ অভিভাবকদের হাত থেকে অভিযুক্ত শিক্ষককে মুক্ত করে ভ্রাম্যমাণ আদালতে নেন। অভিযুক্ত শিক্ষক আবদুল আজিজ নিজের অপরাধ স্বীকার করলে আদালতের বিচারক নির্বাহী হাকিম বাগমারার ইউএনও নাছরিন আক্তার তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ইউএনও বলেন, একই অপরাধের জন্য তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।