ছাত্রীর সততার দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথে একটি কালো ব্যাগ পাওয়া যায়। তাতে ছিল ৩৭ হাজার ৭০০ টাকা ও কিছু কাগজপত্র। কিন্তু ব্যাগের মালিকের কোনো ঠিকানা ছিল না। মালিকের সন্ধানে ব্যাগটি নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। ইতিমধ্যে ইউএনও জানতে পারেন মালিকের নাম-ঠিকানা। তিনি টাকাসহ ব্যাগটি পৌঁছে দেন মালিকের কাছে।
গতকাল সোমবার ব্যাগটি পেয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঈমাম নগরের খাজা মাইনুদ্দিনের মেয়ে জিন্নাত আক্তার (১৮)। বিবাহিত জিন্নাত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল কর্মসূচির নবম শ্রেণীতে পড়েন।
জিন্নাত প্রথম আলোকে জানান, বিদ্যুতের বিল দিতে গতকাল তিনি রিকশায় করে উপজেলা সদরের জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে দুর্গারামপুর সেতু পার হওয়ার পর রাস্তায় একটি কালো ব্যাগ দেখতে পান।
জিন্নাত বলেন, ‘ব্যাগটি দেখে মনে হয়েছে কেউ যাওয়ার পথে ফেলে যেতে পারেন। তাই ব্যাগ খুলে তাতে টাকা ও কিছু কাগজপত্র দেখতে পাই। ব্যাগে কোনো ঠিকানা না পেয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে ইউএনওর কার্যালয়ে যাই।’
ইউএনও এ টি এম কাউছার হোসেন বলেন, ‘তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়ে ব্যাগটি এক এনজিও কর্মচারীর বলে নিশ্চিত হই। পরে ওই কর্মচারীকে ৩৭ হাজার ৭০০ টাকাসহ ব্যাগ ফেরত দেওয়া হয়। সমাজে এমন ঘটনা বিরল।’
জিন্নাত বলেন, ‘টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পেরে আমি অনেক খুশি।’