ছাত্রীর সাহসিকতায় ধরা পড়ল দুই বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে এক সাহসী মাদ্রাসাছাত্রী দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার কাঠালিয়া দাখিল মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে।আটক হওয়া ওই দুই বখাটে হলো শাহজাহান (২৩) ও রাসেল (২২)। এদের মধ্যে শাহজাহান আমতলী উপজেলার গাজীপুর বন্দরের আনিস মৃধার ছেলে এবং রাসেল গলাচিপা উপজেলার নলুয়াবগী গ্রামের মনিরুল শিকদারের ছেলে।কাঠালিয়া দাখিল মাদ্রাসার ওই ছাত্রী জানায়, সে প্রতিদিন দুই কিলোমিটার দূর থেকে হেঁটে মাদ্রাসায় আসে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে কয়েক মাস ধরে শাহজাহান ও রাসেল তাকে উত্ত্যক্ত করে। শনিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে তারা অশ্লীল কটূক্তি করতে করতে তার পথ আগলে দাঁড়ায়। এ সময় হঠাৎ সে তাদের মাথার চুল ধরে ফেলে এবং চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন ও কাঠালিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকেরা ছুটে এসে তাদের আটক করে গাজীপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে ওই ফাঁড়ির পুলিশ তাদের গ্রেপ্তার করে শনিবার রাতে আমতলী থানায় সোপর্দ করে।শাহজাহান ও রাসেল জানায়, তারা দুজন নিকটাত্মীয়। তারা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেনি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, এ ব্যাপারে আমতলী থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া শাহজাহান ও রাসেলকে জেলহাজতে পাঠানো হয়েছে।