ছাত্রীরা আবাসিক এলাকায় থাকলে ‘পরিবেশ নষ্ট হয়’!
‘এটা আবাসিক এলাকা। মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ছাত্রীরা থাকলে পরিবেশ নষ্ট হয়।’ এ অজুহাত দেখিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রীদের আবাসনের বাড়ি ভাড়ায় বাধা দেওয়া হয়েছে। সিলেট নগরের আখালিয়ার সুরমা আবাসিক এলাকার রেনেসাঁ ক্লাব নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অজুহাত তোলায় বাড়িওয়ালা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাড়ি ভাড়া দেননি। একটি সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রীদের বিষয়ে এমন মনোভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতবাক।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় ৫০০ আসনবিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে ৭০০ ছাত্রী থাকছেন। এই অবস্থায় প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ১০৭ ছাত্রীর জন্য আরেকটি বাড়ি ভাড়ার সিদ্ধান্ত হয়। এ জন্য বাড়িও দেখা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আখালিয়ায় বিডিআর সিলেট সেক্টরের বিপরীতে সুরমা আবাসিক এলাকায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রাধ্যক্ষ ইয়াসীমন হক জানান, ওই এলাকার একজন লন্ডনপ্রবাসীর পাচতলা বাড়ি মাসে ৮৫ হাজার টাকা ভাড়ায় কথাবার্তা চূড়ান্ত হয়। কিন্তু হঠাত্ বাড়িওয়ালা লন্ডন থেকে টেলিফোনে বাড়ি ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। বাড়িওয়ালা কারণ হিসেবে এলাকাবাসীর বাধার কথা জানান। আর এলাকাবাসী বলতে স্থানীয় ক্লাবের কথা বলা হয়। পরে ক্লাবের নেতাদের সঙ্গে বিভিন্নভাবে বৈঠক করেও লাভ হয়নি।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুশান্ত কুমার দাশ বলেন, ছাত্রীদের জন্য এবারই প্রথম নয়, ১৯৯৯ সাল থেকে আবাসিক এলাকায় বাড়ি ভাড়া করে চারটি অস্থায়ী ছাত্রীনিবাস করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অসুবিধা হয়নি। তিনি বলেন, ‘এ বিষয়টি শুধু অপমানজনক নয়, রীতিমত পীড়াদায়ক। এ কোন সামাজিক পরিবেশে আছি আমরা?’সুরমা আবাসিক এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে অনেক শিক্ষার্থী বিভিন্নভাবে বসবাস করছেন। একাধিক মেসবাড়িও রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ভাড়া চূড়ান্ত হওয়া বাড়িতেও শিক্ষার্থীরা মেস হিসেবে কয়েকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছেন। লন্ডনে অবস্থানরত ওই বাড়ির মালিক সাবারক আলী মুঠোফোনে বাড়ি ভাড়া দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করার বিষয়টি স্বীকার করেন। তবে এলাকাবাসীর বিরাগভাজন হবেন বলে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িভাড়া দেওয়ার বিষয়ে বাধা দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘রেনেসাঁ ক্লাব’। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আবাসিক এলাকায় থাকলে এলাকার পরিবেশ শিক্ষাবান্ধব হয়। ছাত্রীনিবাসের জন্য বাড়িভাড়ায় বাধা দেওয়ার বিষয়টি নিতান্তই ক্লাবের কিছু অতি-উত্সাহী নেতৃত্ব ও এলাকায় প্রভাব বিস্তারকারি কয়েকজন চিকিত্সকদের। এর মধ্যে আছেন ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর মানিক ও এলাকাব বাসিন্দা নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক মো. মাশুকুর রহমান চৌধুরী।বাড়িভাড়ায় বাধা দেওয়ার কথা স্বীকার করে মো. জাহাঙ্গীর মানিক বলেন, ছাত্রীরা থাকলে ছেলেরা মহল্লায় আসা-যাওয়া করবে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হতে পারে। আপনি এ বিষয়টি সমর্থন করেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে আমাদের কোনো মতামত নেই। স্থানীয় মুরব্বিরা চান না, তাই আমরাও চাই না।’ আর ছাত্রীনিবাসের জন্য বাড়ি ভাড়া দেওয়ার সরাসরি বিরোধীতা করে মো. মাশুকুর রহমান চৌধুরী বলেন, এলাকার অন্তত ১০০ বাড়ির মানুষ এতে সম্মত নয়। ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকাবাসীর মতই আমার ব্যক্তিগত মত।’সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, ‘আমি বিষয়টি নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে বসেছিলাম। কিন্তু এটা এলাকাবাসীর মত নয়, মহল্লায় প্রভাব বিস্তার করে থাকা কিছু মানুষের মত, যা সমর্থনযোগ্য নয়।’শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন বলেন, ‘আবাসিক এলাকার পরিবেশ বলতে আসলে কী বোঝানো হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। আমরা অবাক হয়েছি। এখন অন্যত্র বাড়ি দেখে ছাত্রীদের আবাসন সমস্যার সমাধান দ্রুত করার চেষ্টা করা হচ্ছে।’