ছাত্রীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা তেঁতুলিয়াপাড়ার বাড়ি থেকে প্রথম শ্রেণির ছাত্রী জোহরা বেগম পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক হঠাৎ পেছনের দিকে নামতে থাকে। একপর্যায়ে ট্রাকটি পেছনে থাকা জোহরাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।

জোহরার বাবা খায়রুল বশর জানান, জোহরা পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বলেন, এ ঘটনায় জোহরার বাবা হত্যা মামলা করেছেন। মামলায় ট্রাকচালক রাশেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত রবিউল ইসলামের (৩০) বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বালিয়া গ্রামে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে একটি ট্রাক ছোট কুমিরা বাজার এলাকায় বিকল একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক রবিউল ঘটনাস্থলে মারা যান।

এসআই মনিরুজ্জামান আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার বড়দারোগাহাট এলাকায় সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে গাড়ি উল্টে গিয়ে চারজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল হক নামের এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামের একটি সংগঠনের মহাসচিব। আহত অন্যরা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষাসফরের বাস বিলে: ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার-বিনাজুরী সড়কের বিনাজুরী এলাকায় গতকাল সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেলে শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাঙামাটির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শ শিক্ষার্থী দুটি বাসযোগে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে শিক্ষাসফরে যাচ্ছিল। যাওয়ার পথে বিনাজুরী এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। এতে আটজন আহত হয়।

আহত ব্যক্তিরা হলো শিক্ষার্থী নির্জন চাকমা (১৬), কাউয়ানী চাকমা (১৬), জেনিপা চাকমা (৬), নিরলতা চাকমা (৬), জগদীশ চাকমা (১০), জয়তী চাকমা (১৭), মুন্নি আকতার (১৬) ও বিদ্যালয়ের কর্মচারী আশুতোষ তালুকদার (৪৫)। তারা সবাই লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকার বাসিন্দা।

বর্মাছড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রাণ কুমার চাকমা বলেন, চালকের অদক্ষতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়।

ফটিকছড়ি থানার এসআই মো. শফিকুল ইসলাম বলেন, গাড়িচালক পলাতক।