ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ২
রংপুরের বদরগঞ্জে গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী নিহত ও দুই ছাত্রী আহত হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার শালমারা গ্রামে গতকাল পিকআপের ধাক্কায় এক বৃদ্ধা নিহত ও দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বদরগঞ্জ উপজেলার বাতাসন গ্রামের শিশুরা সকালে আরবি পড়ার জন্য বাড়ির পাশের একটি মক্তবে যায়। গতকাল সকালে তিন শিশু মক্তবে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কের ঘুনুরঘাট সেতুর পাশে দাঁড়ায়। এ সময় মিঠাপুকুর থেকে ফুলবাড়ীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশামণি (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত ও রেখামণি (১০) ও ফারহানা (১১) আহত হয়। তাদের রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশামণি ওই এলাকার আজাদুল হকের মেয়ে। সে বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। আশামণি নিহত হওয়ার খবর পেয়ে তার গ্রামের লোকজন মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়ক গতকাল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অবরোধ করে রাখেন। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
নীলফামারী-ডোমার সড়কের ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামে গতকাল সকালে পিকআপের ধাক্কায় শিরো বালা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শিরো বালা ওই গ্রামের মৃত মানিক চন্দ্র রায়ের স্ত্রী। এ ঘটনায় আহত হন শিরো বালার ছেলে জগদীশ চন্দ্র রায় (৩৫) ও পিকআপের চালক সাকিল ইসলাম (৩০)। তাঁদের মধ্যে জগদীশ চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চালক সাকিল ইসলামকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে সড়কের শালমারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ওই রাস্তার ধারে বসে শিরো বালা ও তাঁর ছেলে জগদীশ চন্দ্র রায় গল্প করছিলেন। এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান শিরো বালা। ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং পিকআপটি পুলিশের হেফাজতে আছে।