ছাত্রের আত্মহত্যা, শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে পড়া না পারায় শৌচাগারে আটকে রাখার অপবাদ সইতে না পেরে গত বুধবার বরিশালের গৌরনদী উপজেলায় নাঈম সরদার নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।নাঈম উপজেলার মেদাকুল গ্রামের এসকেন সরদারের ছেলে ও মেদাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।সহপাঠীরা জানায়, নাঈম গত মঙ্গলবার বাংলা ক্লাসে পড়া দিতে না পারায় শিক্ষক রফিকুল তাকে বিদ্যালয়ের শৌচাগারে আটকে রাখেন। এ সময় তার চিৎকারে অন্য শিক্ষকেরা গিয়ে তাকে মুক্ত করেন।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম জরুরি ভিত্তিতে আত্মহত্যার বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে লিখিতভাবে নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তাকে জানান। বিকেলে মো. শাহ আলম অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন।নাঈমের দাদা রহমান সরদার অভিযোগ করেন, শৌচাগারে আটকে রাখায় সহপাঠীরা নাঈমকে নিয়ে উপহাস করে। এ কারণে লজ্জায় পরদিন সে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। পরে বুধবার বেলা একটার দিকে পড়ার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে শিক্ষক রফিকুল বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে আমার ওপর অবিচার করা হয়েছে।’