ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকায় জাহিদুল করিম (২২) নামের পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পূর্বপাড়ার একটি মেস থেকে নিজ কক্ষের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, জাহিদুল স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সম্প্রতি তাঁর বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হলে তাতে জাহিদুল অকৃতকার্য হন। ধারণা করা হচ্ছে, তিনি অভিমানে আত্মহত্যা করেছেন।ডায়েরির সূত্র ধরে পুলিশ আরও জানায়, জাহিদুল ডায়েরিতে তাঁর বাবা-মা ও অন্য স্বজনের কাছে আলাদা চিঠি লিখে গেছেন। বাবার কাছে লেখা একটি চিঠিতে জাহিদুল লেখেন, তাঁর বাবা একজন শিক্ষক। কিন্তু তিনি বাবার ইচ্ছা পূরণ করতে পারছেন না। বাবার ইচ্ছা পূরণ করতে না পারায় তিনি যেকোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারেন। একটি চিঠিতে জাহিদুল তাঁর এক শিক্ষকের উদ্দেশে লেখেন, ‘স্যার, আমাকে আর বাঁচতে দিলেন না।’ জাহিদুলের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। ঘটনার দিন রাতে জাহিদুল কক্ষে একা ছিলেন।