ছাত্রের পিটুনিতে জিয়া হলের ক্যানটিন ম্যানেজার আহত
কক্ষে খাবার পাঠাতে দেরি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ক্যানটিন ম্যানেজার খোকনকে পিটিয়েছেন ওই হলের এক ছাত্র। এতে ওই ম্যানেজারের কানের পর্দা ফেটে গেছে। গতকাল শনিবার সকালে হলের ক্যানটিনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সরদার আমিরুল ইসলাম সমাজকল্যাণ বিভাগের ছাত্র। হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, ওই ছাত্রের আঘাতে ক্যানটিন ম্যানেজারের কানের পর্দা ফেটে গেছে। তিনি একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বলে জানা গেছে। রোববার এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।আমিরুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ওই হলের ক্যানটিনে যাই না।’তবে ম্যানেজার খোকন প্রথম আলোকে বলেন, ‘তিনি একজন সাংবাদিক বলে আমি জানি। ক্যানটিনে তিনি কম আসেন। তবে প্রতিদিন তাঁর কক্ষে কাউকে দিয়ে খাবার পাঠাতে হতো। গতকাল সকালে তিনি ক্যানটিনে এসে ডিম, খিচুড়ি ও ভর্তা তাঁর কক্ষে পাঠাতে বলেন। কিন্তু ওই খাবারের যে দাম, তার চেয়ে কম টাকা দিয়ে তিনি চলে যান। খাবার দিতে একটু দেরি হওয়ায় তিনি ক্যানটিনে এসে আমাকে মারধর করেন।’