ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার একটি গ্রামে সিফাত হোসেন নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পা ফসকে কলের লাঙলের সঙ্গে শরীর বিদ্ধ হয়ে সে মারা যায়।
গত মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কালিপুর গ্রামের মাঠে খেত প্রস্তুতের সময় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া সিফাত হোসেন কাঁঠালতলি ইউনিয়নের কিরণপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ও কালিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছগির সিকদার বলেন, কলের লাঙল দিয়ে কালিপুর গ্রামে শ্বশুর জাহাঙ্গীর হোসেনের খেত চাষ করছিলে জামাতা মো. মাইনুদ্দিন। এ সময় শ্যালক সিফাত হোসেন দুলাভাই মাইনুদ্দিনের জন্য পান নিয়ে কলের লাঙলে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যায়। এতে কিছু বুঝে ওঠার আগেই কলের লাঙলের ফলার ভেতর চলে যায় পুরো শরীর। তৎক্ষণাৎ লাঙলের ফলায় সিফাতের পুরো শরীর বিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই সিফাতের মর্মান্তিক মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল করেছে। পরে পরিবার ও স্বজনের লিখিত মুচলেকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সিফাতের লাশ গতকাল বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে ঘটনাটি হৃদয়বিদারক।